পঞ্চগড়ের বোদায় একটি থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত আট যাত্রীর মধ্যে আলী আজগর খোকনের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৮ বছরের মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি, এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০) মারা যান। রাতের দিকে মাহমুদা ও তার মেয়ে সম্প্রীতি রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী বোঝাই থ্রি হুইলারটি বোদার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। কৈকিল্লা দীঘি এলাকায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে থ্রি হুইলারটি সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে আয়শা (২), রহিদুল ইসলাম (৪৮), নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭), এবং আক্তারুজ্জামান (৩৩) রয়েছেন।
ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। বোদা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, ‘সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি চিহ্নিত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’