রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনী থানার চরফতে বাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল জানান, ৯৯৯ এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মিন্টুকে গুরুতর আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মিঠুন মন্ডল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মিন্টুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। নিহতের পায়ে রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, মাদক ব্যবসার সাথে সম্পর্কিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
নিহতের বড় বোন সালমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্ধ্যায় পথচারীরা ফোন করে আমাদের জানায়, আমার ভাইকে কে বা কারা মেরে ফেলে রেখে গেছে। আমরা ঘটনাস্থলে এসে ভাইয়ের এই অবস্থা দেখে হতবাক হয়েছি।’ তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন ধরে সুমন বেশ চুপচাপ ছিল। মাঝে মাঝে বলতো— “আমাকে মেরে ফেলবে।”’