রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক কলহের জেরে ছোট ভাই সায়েমের ছুরিকাঘাতে নিহত হন ৩৫ বছর বয়সী সাইফুল ইসলাম সাইফুল। নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম সাইফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার পরিবার জানায়, তাকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর প্রক্রিয়া চলছিল এবং তিনি প্রাইভেট পাইলটের প্রশিক্ষণ নিচ্ছিলেন।
সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাড়ির ছাদে ছিলেন। বাসায় তার দুই ছেলে ও তাদের মা ছিলেন। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হলে ১৭ বছর বয়সী ছোট ভাই সায়েম বড় ভাই সাইফের গলার নিচে ছুরি মারে।
পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি জানতে পেরে গুরুতর আহত অবস্থায় সাইফুলকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।