রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোলচত্বর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা ও মিশুকের দুই চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের অটোরিকশা চালক জাকির হোসেন (৫৫) এবং পটুয়াখালী সদর এলাকার মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)।
দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালক সুভাষ চন্দ্র (৩৬)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জাকির হোসেনের ছেলে মাহিন হোসেন জানান, তার বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনার সময় দুটি ট্রাক দ্রুতগতিতে পাশাপাশি চলছিল।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর পোদ্দারের স্ত্রী হাওয়া বেগম জানান, তিনি হাসপাতালে এসে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।