বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুর্মিটোলায় পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ, কনস্টেবল আহত

কুর্মিটোলায় পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক কনস্টেবল আহত হয়েছেন।

কুর্মিটোলায় পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ, কনস্টেবল আহত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে ক্যান্টনমেন্ট থানার একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বনানী থেকে কুড়িল বিশ্বরোডগামী লেনে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই সময় বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে কুড়িল বিশ্বরোডের দিকে অগ্রসর হচ্ছিল।

মোটরসাইকেলের বহরটি আর্মি গলফ ক্লাব সংলগ্ন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে, অজ্ঞাত ব্যক্তিরা কর্তব্যরত ক্যান্টনমেন্ট থানার মোবাইল ডিউটির গাড়ির দিকে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুলিশের টহল গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল বাম চোখে আঘাত পান।

ঘটনার পরপরই সহকর্মীরা আহত চালককে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন