বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

রাজধানীর কমলাপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।

রাজধানীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতের কোনো এক সময় বৈদ্যুতিক তার চুরি করার সময় রোমান বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন এবং পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলা আড়াইটার দিকে রোমানকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে যে, রোমান প্রধান মাদারীপুরের কালকিনি উপজেলার চরজগোমোহন এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মান্ডার প্রথম গলিতে রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন