ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিদ্যুতের সাব-স্টেশন থেকে ট্রান্সফরমার এবং জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাসপাতালের নতুন ভবনে প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, ফলে আইসিইউসহ বিভিন্ন ওয়ার্ডের রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা সাব-স্টেশনের ভেন্টিলেশন ফ্যান খুলে ভেতরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে মেরামতের কাজ শুরু হয়।
হাসপাতালের সাব-স্টেশনের দায়িত্বে থাকা প্রতিনিধি হাবিবুর রহমান জানান, দুর্বৃত্তরা ট্রান্সফরমার ও বড় জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশের পাশাপাশি সব তামার ক্যাবল খুলে নিয়ে গেছে। খবর পাওয়ার পর মেরামতের কাজ শুরু করা হয় এবং দুটি বিদ্যুৎ লাইনের একটি বেলা ১১টা এবং অন্যটি বিকেল ৫টার দিকে সচল করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল বলেন, ‘চোরেরা সব ক্যাবল নিয়ে গেছে। এর আগেও হাসপাতালের ভবন থেকে থাইগ্লাস, বাথরুমের কলসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে।’
ফেনী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আনিসুল হক জানান, সাব-স্টেশনটি গণপূর্ত বিভাগের অধীন হলেও এটি ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর নিরাপত্তার দায়িত্ব তাদের। পাহারা না থাকায় চুরির ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার নুর নবী বাদী হয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) নয়ন চন্দ্র দাস।