মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাবাকে হত্যার মামলায় শরীয়ত উল্লাহর খালাস

বাবাকে হত্যার মামলায় শরীয়ত উল্লাহকে হাইকোর্ট খালাস দিয়েছে।

বাবাকে হত্যার মামলায় শরীয়ত উল্লাহর খালাস

ময়মনসিংহের গফরগাঁওয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে বাধা দেওয়ায় বাবা ইব্রাহিম খলিল উল্লাহকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরীয়ত উল্লাহকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোস্তফা সারওয়ার এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমিন সিদ্দিকী। আসামিপক্ষে আইনজীবী এ কে এম ফজলুল হক খান বক্তব্য উপস্থাপন করেন।

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত শরীয়ত উল্লাহকে মৃত্যুদণ্ড দেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০০৫ সালের ১৩ মার্চ মধ্যরাতে শরীয়ত উল্লাহ তার বাবা ইব্রাহিম খলিল উল্লাহকে কুড়াল দিয়ে গুরুতর আহত করেন।

এ সময় মা নাসিমা খাতুনও বাধা দিতে গেলে আহত হন। পরে গুরুতর অবস্থায় বাবা-মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৪ মার্চ ইব্রাহিম খলিল উল্লাহ মারা যান।

নিহতের আরেক ছেলে সাদিকুল্লাহ ১৫ মার্চ গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর শরীয়ত উল্লাহর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়, তবে মঙ্গলবার হাইকোর্টের রায়ে তাকে খালাস দেওয়া হয়।

বিজ্ঞাপন