মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

আসামের হোটেলে গুলিতে নিহত ৫, ইজারাদারের সঙ্গে বিরোধের জেরে হামলা

আসামের গুয়াহাটির হোটেলে গুলিতে ৫ জন নিহত, ইজারাদারের সঙ্গে বিরোধের জেরে হামলা।

আসামের হোটেলে গুলিতে নিহত ৫, ইজারাদারের সঙ্গে বিরোধের জেরে হামলা

ভারতের আসামের গুয়াহাটির একটি হোটেলে গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৬ অক্টোবর) রাতে শহরের বরা সার্ভিস এলাকায় হোটেল বিলাস ইন-এ এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হোটেলের মালিক ও ইজারা নেওয়া ব্যক্তির মধ্যে বিরোধের জেরে এ হামলা হয়। অভিযুক্ত ঘানাকান্ত গগৈকে গ্রেফতার করা হয়েছে। তিনি হোটেলটি ইজারা নিয়েছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন হোটেলের মালিক হেলেনা ভারালি, তার ছেলে দেবর্ষি কাশ্যপ, ছেলের স্ত্রী রিনিকি কাশ্যপ, আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভারালি।

এ ঘটনায় পরিবারের আরেক সদস্য সত্যেন্দ্র পাঠক গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে গুয়াহাটি মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, হামলায় ব্যবহৃত .৩২ বোরের একটি বৈধ পিস্তল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, নিহতরা সবাই হোটেলের মালিকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং ইজারাদার নিজেই গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন। প্রাথমিক তদন্তে হোটেলের ইজারা চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধকে হামলার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্ত চলছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং গুয়াহাটির এ ঘটনার জন্য জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন যে ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে আরও মনোযোগ দেওয়া উচিত।

বিজ্ঞাপন