কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কাঙ্গা এলাকায় একটি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ জন।
গতকাল রোববার রাজধানী নাইরোবির সঙ্গে উপকূলীয় শহর মোম্বাসাকে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় যাত্রীরা বাসে করে পশ্চিম কেনিয়ায় এক যাজকের শেষকৃত্য শেষে বাড়ি ফিরছিলেন।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি সিমেন্ট বহন করছিল। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
মনে করা হচ্ছে, সড়কটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে, কারণ মাত্র তিন সপ্তাহ আগে একই মহাসড়কে আরেকটি দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়। সেই ঘটনার পর সরকার সড়কে নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল।