চট্টগ্রামে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার ও কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের তাগিদ দেওয়া হয়েছে।
২৫ অক্টোবর রোববার মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) আয়োজনে অনুষ্ঠিত বিভাগীয় মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভাটি কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভসের (সিএফএলআই) অর্থায়নে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে আইন ও নীতিতে সমন্বিত সংস্কার প্রয়োজন। সম্পাদকীয় স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হলে গণমাধ্যমে বাইরের হস্তক্ষেপের সুযোগ কমবে। তিনি সংবাদমাধ্যমের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নিজস্ব জবাবদিহি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ বলেন, খণ্ডিত পদক্ষেপে বিদ্যমান সমস্যার টেকসই সমাধান হবে না। কাঠামোগত সংস্কারের জন্য স্বাধীন স্থায়ী গণমাধ্যম কমিশন গঠন প্রয়োজন।
সভায় সাংবাদিকদের সময়মতো বেতন, নিয়োগপত্র, আইনানুগ সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা ঢাকার বাইরের সাংবাদিকদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন।