আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই সময়কাল ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত চলবে, যেখানে পর্যটকরা দ্বীপে যাতায়াত করতে পারবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারবেন। পর্যটকদের জন্য পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে।
রোববার পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী নৌযানের চলাচল কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত জাহাজে অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর চলাচলের অনুমতি দিতে পারবে না।
চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ২২ অক্টোবর মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের সকল নির্দেশনা বলবৎ থাকবে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজারের পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।