দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর আজ থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে। তবে, কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে এ রুটে জাহাজ চলাচল শুরুর চেষ্টা চলছে। নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বাধিক সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করতে পারবেন।
দ্বীপের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টগুলো নতুন সাজে প্রস্তুত করা হয়েছে পর্যটকদের বরণ করে নিতে। তবে, জাহাজ চলাচল নিয়ে এখনও কিছু জটিলতা রয়ে গেছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে তিনটি জাহাজ, কিন্তু নৌপরিবহন অধিদপ্তরের ভয়েজ লাইসেন্স, বিআইডব্লিউটিএর রুট পারমিট ও জাহাজ চলাচলের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
এছাড়া, পর্যটকদের টিকিট বিক্রির জন্য ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারও চালু করা সম্ভব হয়নি। এসব কারণে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরুর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রয়োজনীয় অনুমোদন ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে।