দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে লক্ষাধিক পর্যটকের ভিড় দেখা যাচ্ছে। সমুদ্রতীরের কক্সবাজার, কুয়াকাটা এবং পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে পর্যটকদের ঢল নেমেছে।
হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে শতভাগ বুকিং হওয়ায় পর্যটন ব্যবসায়ীরা মন্দা কাটিয়ে উঠেছেন। কক্সবাজারের সৈকত, বিশেষ করে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে সকাল থেকেই পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেখতে সাগরের তীরে ভিড় করেছেন পর্যটকরা এবং স্থানীয় বাসিন্দারাও। পটুয়াখালীর কুয়াকাটায় চার লাখের বেশি পর্যটক আগমনের আশা করছেন ব্যবসায়ীরা।
বর্ষা পেরিয়ে শরতের রূপের ডালি সাজিয়েছে পার্বত্য চট্টগ্রাম। রাঙামাটির কাপ্তাই হ্রদে ট্রলার ভ্রমণ, খাগড়াছড়ির আলুটিলা গুহা এবং সাজেক ভ্যালির রুইলুই পাড়ায় পর্যটকদের ভিড় বেড়েছে।
মেঘলা, নীলাচল ও চিম্বুকের মনোরম পাহাড়ি রূপ উপভোগ করতে দর্শনার্থীরা চাঁদের গাড়িতে ছুটছেন। ২৭ অক্টোবর পর্যন্ত হোটেল ও কটেজে কোনো রুম খালি নেই।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটির ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পর্যটকদের নিরাপত্তা ও সেবা দিতে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসন জোর তৎপরতা চালাচ্ছে। প্রকৃতি ও সাগরের টানে সারা দেশ থেকে আসা পর্যটকদের উৎসব ও উদযাপন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টরা দিন-রাত ব্যস্ত রয়েছেন।