চার দিন বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসনের জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর আগে, ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছিল।
জেলা প্রশাসন ওই দিন জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে। এছাড়া, সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এদিকে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির সাজেকে ছয় দিনের জন্য পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত থাকবে।