শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর সংসদ ভবন পরিদর্শন, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন পরিদর্শন করে পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সংসদ ভবন পরিদর্শন, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সুরক্ষিত এ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। তিনি সংসদ ভবনের মাঠ, বাগানসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাঠ ও বাগানের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সবুজায়ন এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রেখে প্লাজা এবং এর সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।

বিজ্ঞাপন