রাঙামাটির সাজেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং দুর্গোৎসবের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সাজেক মাচলং বাজারে দুর্গাপূজা উদযাপন করা হবে এবং এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হচ্ছে না বলেও জানানো হয়।
উল্লেখ্য, সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। দুর্গোৎসবের পর প্রশাসন যদি তাদের দাবি পূরণ না করে, তবে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করা হবে।
দুই সংগঠনের নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের তিন দফা দাবি ও শর্ত দ্রুত বাস্তবায়ন করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে।