বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাজেকে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ঘোষণা, অনিশ্চয়তা বাড়ছে

সাজেকে চলমান অবরোধের মধ্যে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।

সাজেকে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ঘোষণা, অনিশ্চয়তা বাড়ছে

রাঙ্গামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মধ্যে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। আগামী ৪ ও ৫ নভেম্বর সাজেক পর্যটন সড়কে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

৩ নভেম্বর মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমা। তিনি জানান, চলমান অবরোধের কারণে সাজেকের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

কমিটির দাবি, জুমে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে না পেরে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে, পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় হোটেল-রিসোর্ট মালিক, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন।

উল্লেখ্য, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। ১ নভেম্বর এক দিনের জন্য অবরোধ শিথিল করা হলেও ২ নভেম্বর থেকে তা আবারও শুরু হয়।

পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি জানিয়েছে, তাদের অবরোধে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যম এবং জরুরি খাদ্যদ্রব্য ও চিকিৎসাসামগ্রী বহনকারী যানবাহন আওতামুক্ত থাকবে। ফলে সাজেকের পর্যটন সড়ক সচল হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন