রাঙ্গামাটির সাজেকে আটকে পড়া সকল পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাহারায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন পর্যটকরা। তবে, স্থানীয় দুটি আঞ্চলিক সংগঠনের ডাকা অবরোধের কারণে সকাল সাড়ে ৯টার দিকে তারা মাঝপথে সাময়িকভাবে আটকা পড়েন।
বুধবার সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় অবরোধের ঘোষণা দেয় সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে। তাই গতকালকের মধ্যে সাজেক থেকে সব পর্যটককে চলে আসার অনুরোধ করা হয়।
অবরোধ ও পর্যটন বন্ধের ঘোষণায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই রিসোর্টের আগাম বুকিং বাতিল করেছেন। সাজেকে সড়ক অবরোধ হলে শুধু পর্যটক বা ব্যবসায়ীরা নয়, স্থানীয় বাসিন্দারাও চরম ভোগান্তিতে পড়েন।