দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের গুলিতে শরীয়তপুরের ব্যবসায়ী মারুফ বেপারি নিহত হয়েছেন। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করছেন তার স্বজনরা।
স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে বুষ্টার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী মারুফকে। নিহত মারুফ ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের পশ্চিম সিড্যা এলাকার বাসিন্দা ছিলেন।
মারুফের বাবা আব্দুস সোবহান বেপারি মারা গেছেন। তিনি জীবিকার তাগিদে ১৪ বছরের বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন এবং সেখানে তার তিন সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুষ্টার এলাকায় ব্যবসা পরিচালনার জন্য একটি সন্ত্রাসী গোষ্ঠী প্রতি মাসে ৫০০ দক্ষিণ আফ্রিকান র্যান্ড চাঁদা দাবি করছিল। সম্প্রতি চাঁদার টাকা নিয়ে মারুফের সঙ্গে তাদের বিরোধ হয়, যার জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মারুফের মরদেহ বর্তমানে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রয়েছে। তার স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।