শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি চালু, প্রথম যাত্রী এমপি মুশফিক

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি চালু, প্রথম যাত্রী এমপি মুশফিক।

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি চালু, প্রথম যাত্রী এমপি মুশফিক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো যাত্রাবিরতি দিয়েছে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে একটি বর্ণিল আয়োজনের মাধ্যমে ট্রেনটিকে স্বাগত জানানো হয়।

স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান ঢাকা থেকে আসা ট্রেনটির প্রথম যাত্রী হিসেবে কসবা স্টেশনে পৌঁছান। দুপুর ১২টা ২৫ মিনিটে ট্রেনটি কসবা স্টেশনে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ স্টেশনে জড়ো হন। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। আয়োজকেরা জানান, স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের চাওয়া-পাওয়া পূরণে আমি চেষ্টা করে যাব। মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতির মাধ্যমে কসবার মানুষের যাতায়াতের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে আশা করছি।”

বিজ্ঞাপন