ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর পুলিশ নায়েব আলী (৬০) নামে এক নেতার মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নায়েব আলী গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মৃত আবদুর রহিমের ছেলে।
নিহতের স্বজনদের মতে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে নায়েব আলী বাড়ি থেকে বের হয়ে পাশের কলাবাগানে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে নায়েব আলীর ব্যবহৃত টর্চ লাইট, লুঙ্গি, গামছা, বিড়ির প্যাকেট ও গ্যাসলাইট উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে বাড়ির পাশে ডোবায় তার মরদেহ পাওয়া যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।