শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় দোকানের কর্মচারীর মৃত্যু

রাজধানীর ভাটারা থানায় প্রাইভেট কারের ধাক্কায় কাপড়ের দোকানের কর্মচারী সাজ্জাদ হোসেন রাব্বী মারা গেছেন।

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় দোকানের কর্মচারীর মৃত্যু

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা ইউনাইডেট হাসপাতালের ১০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় কাপড়ের দোকানের কর্মচারী সাজ্জাদ হোসেন রাব্বী (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজ্জাদের বাড়ি মহাখালী মধ্যপাড়া বনানী এলাকায়। তার বাবার নাম শাজাহান গাজী। নিহতের বোন শম্পা জানান, আজ সকাল ১০টার দিকে কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়েছিলেন সাজ্জাদ। পরে জানা যায়, বসুন্ধরা ইউনাইটেড হাসপাতালের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছেন।

শম্পা আরও জানান, দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলেও তার ভাইকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন