গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতলী এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আতাউর রহমান ওরফে আতা মিয়া বারিষাব ইউনিয়নের চ্যাংনা গ্রামের বাসিন্দা ছিলেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের কাছের একটি নির্জন স্থানে আতাউর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্বজনরা জানান, ভাড়ার কথা বলে অটোরিকশা ছিনতাইকারীরা আতাউর রহমানকে নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এই ঘটনায় আতাউর রহমানের মা জহুর খাতুনও ছেলের আকস্মিক মৃত্যুর খবর শুনে মারা যান। শুক্রবার সকাল ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, 'অটোরিকশা ছিনতাইকারীদের হামলায় আতাউর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।' নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।