নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে গুলিতে আব্দুল্লাহ ওরফে বাবু নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে এবং পেশায় ফুচকা বিক্রেতা ছিলেন। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর এ আল মামুন জানান, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলাল নামে স্থানীয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। উভয় গ্রুপের সদস্যদের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
শুক্রবার বিকালে আবু লাল গ্রুপের লোকজন বাবুর বাড়িতে ঢুকে হামলা চালিয়ে তাকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়। এসময় ধারাল অস্ত্রের আঘাতে বাবুর বড় ভাই রুবেল ও অপর পক্ষের মিরাজ আহত হন।
গুলিবিদ্ধ বাবুকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি আল মামুন আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আহত মিরাজকে আটক করা হয়েছে।