ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও একজন যাত্রীকে আটক করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান এবং অপর ব্যক্তির পরিচয় এখনও জানানো হয়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরের এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট কর্তৃক ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ১,০৪৯.৪০ গ্রাম, যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওবায়দুরের তথ্যের ভিত্তিতে ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়। জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীন কার্যক্রম চলমান রয়েছে।