ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহ–মুক্তাগাছা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হাড়গুজিরপাড় এলাকায় লিয়াকতের মোড় সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। জামালপুরগামী দ্রুতগতির ‘রাজিব পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ভয়াবহ সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশায় থাকা ৭ জন আরোহী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট প্রশাসন কাজ করছে।