চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পিক-আপের চাপায় নিহত হয়েছেন ১৮ বছর বয়সী যুবক অহিদুল ইসলাম। বৃহস্পতিবার রাতে মতলব ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ইঞ্জিনচালিত ভ্যানে করে ডিম নিয়ে মতলব বাজারের দিকে যাচ্ছিলেন।
দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিক-আপ এসে ডিমের ভ্যানটিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ভ্যানের চালকের পাশে বসা অহিদুল ইসলাম ছিটকে পড়ে যান।
পথচারীরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমান মোল্লা। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক জানান, 'পিক-আপটি জব্দ করার চেষ্টা চলছে।'