চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে।
নিহতদের মধ্যে রয়েছেন কচুয়া উপজেলার ফতেহপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক কবির মাল। স্থানীয়দের দাবি, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হাজীগঞ্জের দিকে যাচ্ছিল।
প্রাইভেটকারটি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অটোরিকশাটি সেটিকে ধাক্কা দেয়। এর ফলে অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে এবং তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন। পরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।