ইন্দোনেশিয়ায় একটি জাহাজ ডুবির ঘটনায় শতাধিক যাত্রী নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারকারী দল ইতোমধ্যে ১০৩ জনকে উদ্ধার করেছে এবং এক নারীর মরদেহও পাওয়া গেছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার পূর্ব জাভা উপকূল থেকে যাত্রা শুরু করা ভার্গো ট্রান্সপোর্ট এইট নামের জাহাজটি রোববার ভোরে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে এই সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
উদ্ধার অভিযান চলমান রয়েছে, যেখানে এখনও নিখোঁজ ১৪০ জনের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল। জাহাজটি জাভা সাগরের যে অংশে ডুবেছে, সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
ইন্দোনেশিয়া, যেটি ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত, সেখানে নৌপথে ভ্রমণ আকাশপথের তুলনায় অনেক সাশ্রয়ী ও সহজলভ্য। তবে নিরাপত্তা বিধিমালা সবসময় কঠোরভাবে কার্যকর না হওয়ায় দেশটিতে দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি।