জাভা সাগরে একটি ইন্দোনেশীয় যাত্রী ফেরির সঙ্গে যোগাযোগ হারিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়েছে এবং ১০২ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার ভোরে এই ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, ফেরিটি 'ভার্গো ট্রান্সপোর্ট ৮' নামে পরিচিত, যা ২৪৩ যাত্রী নিয়ে যাত্রা করছিল। ফেরিটি শনিবার সুরাবায়া থেকে যাত্রা শুরু করে এবং বনজার্মাসিনের দিকে যাচ্ছিল।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান আই পুতু সুদায়ানা জানান, ফেরিটি খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল। ফেরির শেষ পরিচিত অবস্থান বনজার্মাসিন থেকে প্রায় ৮১ নটিক্যাল মাইল (১৫০ কিমি) দূরে ছিল।
অন্য যাত্রী এবং ক্রুদের খোঁজে উদ্ধারকারী জাহাজ এবং একটি হেলিকপ্টার অভিযান চালাচ্ছে। সুদায়ানা বলেন, সেখানে ২.৫ মিটার (৮.২ ফুট) উচ্চতার ঢেউ উদ্ধারকাজকে বাধাগ্রস্ত করছে।
তিনি আরও জানান, "এটি জাহাজগুলোর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি আমাদের ৪০ মিটার লম্বা বাসারনাস জাহাজও বিপদের সম্মুখীন।"
গত মাসে, একটি ফেরি বালি ও লম্বক এর মধ্যে চলাচলের সময় আগুনে পুড়ে একজনের মৃত্যু হয় এবং পাঁচজন নিখোঁজ হয়। জুলাই মাসে, ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ফেরি সুলাওয়েসের দক্ষিণে সেলায়ার দ্বীপের কাছে ডুবে যায়।