ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ ফেরিটির ধ্বংসাবশেষ থেকে ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া, এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানিলা থেকে পর্যটনকেন্দ্র কোরনের উদ্দেশ্যে যাওয়ার পথে এমভি জুন অ্যাস্টার ফেরিটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।
ঘটনার সময় ফেরিটিতে ১৩০ জনের বেশি যাত্রী ছিলেন। বিষাক্ত ধোঁয়া ও ফেরির ভেতরে প্রচণ্ড তাপের কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়। এ কারণে শুক্রবারের আগে উদ্ধারকারী দল ফেরিতে প্রবেশ করতে পারেনি।
ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত এবং আগুন লাগার কারণ খুঁজে বের করাই এখন কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেরিটির কার্গো রাখার অংশ থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ফেরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাটিয়েনজা ইন্টারআইল্যান্ড ফেরিস তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।