পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তার মা এখনও নিখোঁজ রয়েছেন। নিহত শিশুর নাম অর্পিতা বেপারী (০৮) এবং নিখোঁজ মায়ের নাম রিনা বেপারী (৩৫)। তারা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের সংকর বেপারীর পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংকর বেপারী পরিবার দুর্গাপূজার ছুটিতে গ্রামে এসে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন। ট্রলারটি নাজিরপুর প্রান্ত থেকে ৫০ জনেরও বেশি যাত্রী এবং ৬টি মোটরসাইকেল নিয়ে ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশে রওনা হয়।
ট্রলারটির ধারণক্ষমতার অতিরিক্ত ওজন হওয়ার কারণে এটি ভারসাম্য হারিয়ে ঘাট ছাড়ার পরপরই নদীগর্ভে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় কূলে উঠতে পারলেও রিনা বেপারী ও তার সন্তান নিখোঁজ হন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দফা অভিযান চালিয়ে নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে। নিখোঁজ নারীকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা এসব তথ্য নিশ্চিত করেছেন।