মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকায় পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকায় দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি যুবক মুহাম্মদ শাহাবাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকায় পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি বাসা থেকে পাকিস্তানি যুবক মুহাম্মদ শাহাবাজ (২৬)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শাহাবাজের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলে ছিল। বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) জুবায়ের বলেন, খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ওই ভবনের ১০তলার নিচতলার ভাড়াটিয়ার বন্ধ দরজার কক্ষ ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ওই যুবকটি আর বেঁচে নেই।

নিহতের বাড়ি পাকিস্তানের মুলতানের জামালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তার বাবার নাম নাজির আহমেদ। পরিবার নিয়ে দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করতেন তিনি।

এসআই জুবায়ের আরও জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন