নাটোরের বনপাড়া এলাকায় আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
নিহত ও আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং তা নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফও এ তথ্য নিশ্চিত করেছেন।