মুম্বাইয়ের জুহু থানা এলাকায় একটি অনুষ্ঠানের পর গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এই ঘটনায় টাইগার শ্রফ অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক এবং কাছাকাছি থাকা এক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাঁদের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
রোববার (১৮ অক্টোবর) এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, টাইগারকে একনজর দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়ের মধ্য থেকেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
হামলার পর একটি ভিডিওতে লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য পরিচয় দিয়ে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি ঘটনার দায় দাবি করেছেন। তিনি দাবি করেছেন, টাইগার শ্রফকে নিশানা করা হয়েছে সালমান খানের সঙ্গে কাজ করার কারণে।
তবে এই পোস্টের সত্যতা এবং গুলির ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০২৪ সালে সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে মামলা হয়েছিল।
পুলিশের দাবি, ওই ঘটনার পর অনমোল ফেসবুকে পোস্ট দিয়ে গুলি চালানোর বিষয়টি উল্লেখ করেছিলেন এবং হুমকিমূলক ভাষা ব্যবহার করেছিলেন। টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এটি কারা করেছে এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।