চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদলকর্মী তারেক হোসেন বাপ্পিকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার এবং একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের বিষয়টি উঠে এসেছে।
ঘটনার দিন শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে ৮-১০ জনের একটি দল বাপ্পি ও তার সহকর্মী তাফসির আলম শাওনের গতিরোধ করে। এরপর তারা এলোপাতাড়ি মারধর করে এবং এক পর্যায়ে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত বাপ্পি ও শাওনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন। শাওনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বাপ্পির পরিবার মামলাটি দায়ের করার পর পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করে। পুলিশ নিশ্চিত করেছে যে, আরও কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।