ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ধানবোঝাই একটি ট্রাকের চাপায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানবোঝাই ট্রাকটি চিনোর দিক থেকে আসছিল এবং ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা একটি ঢালু সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। এ সময় ট্রাকটি মন্দিরে আসা ভক্তদের চাপা দিয়ে মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে ধাক্কা খায়।
গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন এবং আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনের হাড় ভেঙে গেছে, তবে বাকিদের আঘাত তুলনামূলক কম। দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।