ভারতের তামিলনাড়ু রাজ্যের হোসুরে টাটা ইলেকট্রনিকসের একটি কারখানায় দুর্ঘটনায় তিন চুক্তিভিত্তিক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) রাতে, কারখানাটিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের মতে, নিহত শ্রমিকরা কারখানার বর্জ্য পরিশোধনাগারে কাজ করছিলেন এবং একটি বাহ্যিক ন্যানো-ফিল্ট্রেশন ট্যাংক পরিদর্শনের সময় গ্যাসের সংস্পর্শে আসেন। এর ফলে তারা শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। অ্যাপল এবং টাটা গ্রুপও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে বলে জানিয়েছে। কারখানার বর্জ্য পরিশোধনাগার পরিচালনার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকোল্যাবের সহযোগী প্রতিষ্ঠান নালকো ওয়াটার।
রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত করবে অ্যাপল, টাটা এবং রাজ্য কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
ভারতে আইফোন উৎপাদন সম্প্রসারণের অংশ হিসেবে, বর্তমানে বিশ্বের মোট আইফোনের প্রায় ২৫ শতাংশ ভারতে উৎপাদিত হয়। টাটা গ্রুপের ইলেকট্রনিকস বিভাগ প্রায় ৪০ শতাংশ আইফোন সংযোজনের দায়িত্বে রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে টাটা গ্রুপ ভারতে আইফোন উৎপাদন কার্যক্রম পরিচালনায় একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার মধ্যে রয়েছে র্যানসমওয়্যার সাইবার হামলা এবং পানি দূষণ সংক্রান্ত উদ্বেগ।
রাজ্যের শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্তনা দুর্ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, 'শ্রমিকদের মৃত্যুর ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে, দুর্ঘটনার কারণে কারখানাটির উৎপাদনে কোনো প্রভাব পড়েনি, কারণ চলতি সপ্তাহে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উপলক্ষে কারখানাটি বন্ধ ছিল।