নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঘটে এই ঘটনা, যার ফলে ট্রেনটির একটি বগির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে যায়।
স্টেশন মাস্টার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যায় এবং গার্ড ও অন্যান্য কর্মীরা খাবার খেতে বাইরে চলে যান। এ সময় দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়।
দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা জানার পর ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
স্টেশন মাস্টার জানান, আগুন দেওয়া হয়েছে ট্রেনের ‘ড’ বগিতে, যা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। এই ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।