ভারতের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ও পণ্যবাহী ট্রাকের ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি। মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাজস্থান রাজ্যের দৌসা জেলার কাছে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রীবাহী স্লিপার বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরে যাচ্ছিল। উচ্চগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রেইলারকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে দুই যানবাহনেই আগুন লেগে যায় এবং ভেতরে আটকা পড়েন অনেকে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর পাঁচজনের মৃত্যু হয় অগ্নিকাণ্ডজনিত কারণে। বাকি দুজনের মৃত্যু হয়েছে মাথায় গুরুতর আঘাতের কারণে। উদ্ধারকর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। আহতদের দ্রুত দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।