নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির, যিনি আলিফ ফকির নামে পরিচিত, হত্যার সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম অপূর্ব (২২), তিনি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।
শনিবার রাত সোয়া ১২টার দিকে পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপূর্বের বিরুদ্ধে দুর্গাপুরে এসআই শফিকুল ইসলামকে হত্যা করার মামলাও রয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অপূর্ব আত্মগোপনে থেকে সতর্কতার সাথে চলাফেরা করছিল।
তথ্য প্রযুক্তির সহযোগিতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অপূর্বকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান ওসি।
গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত হন। তার শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া যায়। নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
এ হত্যার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সমন্বিত টিম কাজ করছে এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।