ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে বনানী থেকে গ্রেফতার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, তাকে সন্ধ্যা ৬টায় গ্রেফতার করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সিআইডির অনুরোধে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে।
সিআইডির একটি সূত্র জানিয়েছে, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা অর্থপাচারের অভিযোগে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। বর্তমানে সেই মামলার তদন্ত চলছে।
এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন দিলীপ কুমার আগরওয়ালা। তখন তার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ ছিল।
দিলীপ কুমার আগরওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।