নাটোরে আজ সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু চাঁদ মোল্লা নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে নাটোর শহরের পিটিআই মোড় এলাকায়।
নিহত আবু চাঁদ মোল্লা নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর তালতলা গ্রামের নছির উদ্দিনের ছেলে। তিনি বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যার্ন্টমেন্ট মাহমুদুল হাসান স্যাপার প্রাথমারি স্কুলের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আবু চাঁদ তার বাইসাইকেল নিয়ে নাটোর শহরের তেবারিয়া হাটে যান। হাটের কাজ শেষে তিনি বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামে ফিরছিলেন। এ সময় পিটিআই মোড় এলাকায় রাজশাহী থেকে নাটোরমুখি একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আবু চাঁদকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর বাসচালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে চালককে গ্রেফতারের জন্য থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি টিম কাজ করছে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়ক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।