গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশু মন্ডল (৪০) কে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটক বিশু মন্ডল ইতালিতে লোক পাঠানোর কথা স্থানীয়ভাবে প্রচার করতেন। অভিযোগ অনুযায়ী, ইতালি পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে প্রথমে ২ লাখ টাকা এবং পরে আরও ১২ লাখ টাকা আদায় করেন।
২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিশর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। ভুক্তভোগীকে শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরিবারের কাছ থেকে ওই টাকা আদায়ের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলেও পরে আবারও তাকে মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। পুনরায় নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও ২৫ লাখ টাকা আদায় করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গোপালগঞ্জের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মন্ডলসহ অন্যদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।
এসআরবি-৬ জানায়, গ্রেপ্তার বিশু মন্ডলের বিরুদ্ধে এর আগে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।