গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী ধর্মঘট পালনের প্রেক্ষাপটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুলসংখ্যক নেতা-কর্মী টুঙ্গিপাড়া মোড়ে জড়ো হয়। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেয়।
পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যায়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়। এর আগে, ধর্মঘটের প্রেক্ষিতে সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল ও পাসপোর্ট অফিসের দেয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আগুন জ্বালিয়ে অবরোধ করে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে এবং সাতটি মোটরসাইকেল জব্দ ও ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।