গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক জড়ো হন।
বিক্ষোভের অংশ হিসেবে তারা টায়ারে আগুন দিয়ে প্রতিবাদ জানান। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। পুলিশের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে তারা টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ চালান।
এ ঘটনার পর গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় উত্তেজনা বিরাজ করছে।
গতকাল সোমবার রাতেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।
এদিকে, গোপালগঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত রাতের ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তবে আজ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।