রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

তিতুমীর কলেজে ছাত্রদলের সংঘর্ষে সাংবাদিককে মারধরের অভিযোগ

তিতুমীর কলেজে ছাত্রদলের সংঘর্ষে সাংবাদিক আব্দুর রহমান তালুকদারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

তিতুমীর কলেজে ছাত্রদলের সংঘর্ষে সাংবাদিককে মারধরের অভিযোগ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন 'ফেস দ্য পিপল'-এর ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার।

বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সিআরকে কেন্দ্র করে বিরোধের জেরে মারামারির সূত্রপাত হয়। রাত ১০টার দিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে আব্দুর রহমান তালুকদারের ওপর হামলা ও তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে।

আব্দুর রহমান তালুকদার বলেন, ‘আমি টিউশন শেষ করে ক্যাম্পাসে এসে ঝামেলা দেখে সেখানে দাঁড়াই। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চার-পাঁচজন আমাকে মারধর শুরু করে। তারা “ওই সাংবাদিক সমিতির ওরে মার” বলে চিৎকার করছিল।’

তিনি আরও জানান, হামলাকারীরা ৮-৯ জন মিলে তাকে কিল-ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পর জানা যায়, হামলায় অভিযুক্ত রোকনুজ্জামান রাকিব তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার অনুসারী।

মারামারি ও সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, 'ছাত্রদল কোনোভাবেই এ ধরনের ঘটনাকে সমর্থন করে না।' এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠায় কলেজের সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন