কুড়িগ্রামের উলিপুরে বুধবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বেসরকারি একটি টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলা হয়েছে। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে পেটায়।
হামলার পর পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি অভিযোগ করেন, অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলার শিকার হন।
জুবাইর জানান, তিনি অনুষ্ঠানস্থলে ভিডিও ও ছবি তুলছিলেন, তখন বিএনপি কর্মী শামীম তাকে টেনে বাইরে নিয়ে মোটরসাইকেলে উঠতে বলেন। অস্বীকার করায় তারা তাকে মারধর শুরু করে। হামলার সময় সেখানে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জুবাইর বলেন, "আমি জানি না কেন আমাকে পেটানো হলো। আমি নিজেও জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। তারা আমার সংবাদ প্রতিবেদন বা লেখালেখিতে সংক্ষুদ্ধ হয়ে হামলা করেছে বলে ধারণা করছি।"
উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী হামলার ঘটনাকে অনাকাক্সিক্ষত ও দুঃখজনক বলে উল্লেখ করেন এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাংবাদিকের ওপর হামলার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত সাংবাদিকের চিকিৎসা শেষে লিখিত অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেষ খবর অনুযায়ী, আহত সাংবাদিক জুবাইরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসক তার সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছেন।