নরসিংদীর শিবপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার সকালে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শেখ মোহাম্মদ ইলিয়াস, যিনি শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকার আবুবকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজি চালক হাদিস মিয়া (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেন। এতে সিএনজিতে থাকা পাঁচজন গুরুতর আহত হন।
আহত চারজনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।